
চট্টগ্রামে ইন্টারনেট সেবার প্রতিষ্ঠানে হামলার ঘটনায় গ্রেফতার আরও ৯
চট্টগ্রাম, ১৯ জুলাই ২০২৬ : চট্টগ্রাম নগরীর চকবাজারে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান ডিজিটাল ডট নেট (ডিডিএন) কার্যালয়ে হামলা, ভাঙচুর ও ৩৫ লাখ টাকা লুটের ঘটনায় মাইকেল নামে এক ব্যক্তিসহ সরাসরি জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে র্যাব-৭। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
রোববার র্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সহকারী পুলিশ সুপার এ. আর. এম. মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে মাইকেল, তুহিন ও আকবর হোসেন হবিগঞ্জের নবীগঞ্জ ও বানিয়াচং এলাকার বাসিন্দা। এছাড়া আব্দুল মুমিন, মাসাদ মিয়া, দিদার মিয়া, সানজাত হাসান ও সৈরত হোসেন হবিগঞ্জের বিভিন্ন উপজেলার এবং সাইফুদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বাসিন্দা।
র্যাব কর্মকর্তা জানান, গত ১১ জুলাই ডিডিএনের স্বত্বাধিকারী আদিল বিন মামুনের ব্যক্তিগত হোয়াটসঅ্যাপে ডেভিড ও ইমন নামে পরিচয় দেওয়া এক ব্যক্তি এককালীন ২ কোটি টাকা এবং মাসিক ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানো হলে ১৩ জুলাই দুপুরে ৩০ থেকে ৪০ জনের একটি দল প্রতিষ্ঠানটির কার্যালয়ে হামলা চালায়।
হামলাকারীরা অফিসের আসবাবপত্র, কম্পিউটার, সার্ভার, মনিটর ও ল্যাপটপসহ বিভিন্ন সরঞ্জাম ভাঙচুর করে। পরে কর্মচারীদের বেতন দেওয়ার জন্য রাখা ৩৫ লাখ টাকা নিয়ে তারা পালিয়ে যায় বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় ডিডিএনের ব্যবস্থাপক চকবাজার থানায় ৩০ থেকে ৪০ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। মামলার তদন্তে র্যাব শনিবার চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৯ জনকে গ্রেফতার করে। এ সময় হামলায় ব্যবহৃত চারটি দেশীয় অস্ত্রও জব্দ করা হয়।
এর আগে, একই মামলায় গত ১৫ জুলাই আরও ৮ জনকে গ্রেফতার করে পুলিশ।
র্যাব ও পুলিশের পৃথক অভিযানে এ ঘটনায় এখন পর্যন্ত মোট ১৭ জনকে গ্রেফতার করা হয়েছে।