ঢাকা, ৩১ জুলাই | চ্যানেল এস৫ অনলাইন:
নাচকে অনেকেই শুধু বিনোদনের মাধ্যম হিসেবে দেখেন। কিন্তু বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন অল্প সময়ের নাচও শারীরিক সক্ষমতা, মানসিক প্রশান্তি এবং মস্তিষ্কের কর্মক্ষমতা উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে নাচার প্রয়োজন নেই। প্রতিদিন মাত্র পাঁচ মিনিট ছন্দের সঙ্গে শরীরচর্চাও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। কর্মব্যস্ত দিনের মাঝখানে অল্প সময়ের নাচ ক্লান্তি ও একঘেয়েমি দূর করে কাজে নতুন উদ্যম ফিরিয়ে আনতে সহায়তা করে।

নাচের মাধ্যমে সব বয়সীদের আত্মবিশ্বাস তৈরি হয়।ছবি: পেক্সেলস
নাচের সময় শরীরের বিভিন্ন পেশি একসঙ্গে সক্রিয় হয়, যা অ্যারোবিক ব্যায়ামের মতো হৃদ্যন্ত্র ও ফুসফুসের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। একই সঙ্গে শরীর থেকে এন্ডোরফিন নিঃসরণ হয়, যা মন ভালো রাখতে এবং মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে।
গবেষকদের মতে, নাচ কেবল শরীর নয়, মস্তিষ্ককেও সক্রিয় রাখে। নতুন স্টেপ মনে রাখা, ছন্দের সঙ্গে তাল মেলানো এবং শরীরের সমন্বিত নড়াচড়া স্মৃতিশক্তি, মনোযোগ ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সক্ষমতা বাড়াতে সহায়ক হতে পারে। শিশুদের ক্ষেত্রেও স্বল্প সময়ের দলীয় নাচ পড়াশোনায় মনোযোগ বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে বিভিন্ন গবেষণায় উঠে এসেছে।

মাত্র পাঁচ মিনিটের নাচও শরীরের জন্য উপকারী হতে পারেছবি: পেক্সেলস
এ ছাড়া নিয়মিত নাচ সৃজনশীল চিন্তাভাবনা বাড়াতে সাহায্য করে। বিশেষজ্ঞদের মতে, কিছু সময় নাচের মাধ্যমে মস্তিষ্ক নতুনভাবে সক্রিয় হয়, ফলে জটিল সমস্যার সমাধান বা নতুন ধারণা খুঁজে পাওয়া সহজ হতে পারে।
বয়স্কদের ক্ষেত্রেও নাচের ইতিবাচক প্রভাব রয়েছে। এটি শরীরের ভারসাম্য উন্নত করে, পড়ে যাওয়ার ঝুঁকি কমায় এবং স্মৃতির সঙ্গে সম্পর্কিত মস্তিষ্কের অংশকে সক্রিয় রাখতে সহায়তা করতে পারে। এ কারণে কিছু ক্ষেত্রে পুনর্বাসন ও থেরাপির অংশ হিসেবেও নাচ ব্যবহৃত হয়।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ, প্রতিদিনের ব্যস্ততার মাঝেও অল্প সময় নাচের জন্য বরাদ্দ রাখলে শরীরচর্চার পাশাপাশি মনও থাকবে প্রফুল্ল এবং কর্মক্ষমতা বাড়বে।
তথ্যসূত্র: বিবিসি অবলম্বনে।

মাত্র পাঁচ মিনিটের দলীয় নাচ শিশুদের পরবর্তী গণিতবিষয়ক কাজে মনোযোগ বাড়াতে সাহায্য করেছবি: পেক্সেলস