ঢাকা, ১লা আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
খুলনার দিঘলিয়া উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলে থাকা এক নারী, তাঁর দুই বছর বয়সী কন্যাশিশু এবং এক কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ জুলাই) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার গাজীরহাট ইউনিয়নের ডোমরা দক্ষিণ গ্রামে জীবন রায়ের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন নড়াইলের কালিয়া উপজেলার উথালি গ্রামের বাসিন্দা সিহাব শেখের স্ত্রী ফারজানা খাতুন (২২), তাঁদের দুই বছর বয়সী মেয়ে মায়মুনা এবং সিহাবের শ্যালিকা রুবিয়া খাতুন (১৬)। রুবিয়ার বাড়ি কালিয়া উপজেলার বেন্দার চর গ্রামে। দুর্ঘটনায় মোটরসাইকেলচালক সিহাব শেখ প্রাণে বেঁচে যান।
পুলিশ জানায়, সিহাব শেখ তাঁর স্ত্রী, মেয়ে ও শ্যালিকাকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে মোটরসাইকেলে যাচ্ছিলেন। পথে দিঘলিয়ার ডোমরা দক্ষিণ এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিন আরোহীর মৃত্যু হয়।
খুলনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) আবির সিদ্দিকী শুভ্র জানান, দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে।