ঢাকা, ২ আগস্ট | চ্যানেল এস৫ অনলাইন:
বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং, ডিপ্লোমা-ইন-ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি এবং সার্টিফিকেট ইন মেরিন ট্রেড শিক্ষাক্রমের পর্ব সমাপনী পরীক্ষা-২০২৫ আগামী ৬ আগস্ট থেকে শুরু হচ্ছে। লিখিত পরীক্ষা চলবে ৭ সেপ্টেম্বর পর্যন্ত।
বোর্ডের প্রকাশিত নির্দেশনা অনুযায়ী, ২০২২ প্রবিধানভুক্ত ২য় ও ৫ম পর্বের শিক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা ৪ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। অন্য সব পর্বের ব্যবহারিক পরীক্ষা ৮ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে।
পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রগুলোর জন্য একাধিক নির্দেশনা দেওয়া হয়েছে। পরীক্ষা শুরুর আগে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের নিয়ে সমন্বয় সভা আয়োজনের কথা বলা হয়েছে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়েছে, একই বিভাগের শিক্ষক নিজ বিভাগের পরীক্ষার্থীদের কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালন করতে পারবেন না। কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কোনো শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী কিংবা পরীক্ষার্থীর কাছে মোবাইল ফোন রাখা যাবে না।
পরীক্ষা শুরুর কমপক্ষে ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে উপস্থিত থাকতে হবে। কেউ দেরিতে এলে তার বিস্তারিত তথ্য রেজিস্টারে সংরক্ষণ করে সেদিনই বোর্ডের নিয়ন্ত্রণ কক্ষে পাঠাতে হবে। একই শিক্ষার্থী বারবার দেরিতে এলে বিষয়টি তদন্তের আওতায় আনা হবে।
প্রশ্নপত্র পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে অনলাইনের মাধ্যমে ডাউনলোড করতে হবে। নিরাপত্তা নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে প্রশ্নপত্র ছাপিয়ে পরীক্ষাকক্ষে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য বিদ্যুৎ, ইন্টারনেট, কম্পিউটার, প্রিন্টার ও ফটোকপি মেশিন সচল রাখার পাশাপাশি প্রয়োজনীয় কাগজ ও টোনারের মজুত রাখতেও বলা হয়েছে।
আসন বিন্যাসের ক্ষেত্রেও বিশেষ নির্দেশনা রয়েছে। পরীক্ষার্থীদের মুখোমুখি বসানো যাবে না এবং একজনের সঙ্গে আরেকজনের অন্তত এক মিটার দূরত্ব রাখতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার নির্দেশও দিয়েছে বোর্ড।
এ ছাড়া প্রতিদিনের উপস্থিতি, অনুপস্থিতি ও বহিষ্কারের তথ্য অনলাইনে পাঠাতে হবে। পরীক্ষা শেষে উত্তরপত্র সিলগালা করে নির্ধারিত ঠিকানায় বোর্ডে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ব্যবহারিক পরীক্ষার ক্ষেত্রে অভ্যন্তরীণ ও বহিরাগত পরীক্ষক নিয়োগ, প্রয়োজনীয় ল্যাব ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা এবং পরীক্ষার বিস্তারিত কর্মপরিকল্পনা আগেই বোর্ডে জমা দেওয়ার কথাও নির্দেশনায় উল্লেখ করা হয়েছে।