বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পুনর্গঠিত পরিচালনা পর্ষদের সদস্যদের সঙ্গে বৈঠক করে ব্যাংকের ঋণ আদায় কার্যক্রম জোরদার এবং সুশাসন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত এ বৈঠকে গভর্নর ব্যাংক পরিচালনায় পেশাদারত্ব বজায় রাখার পাশাপাশি নিয়ম-কানুন মেনে কার্যক্রম পরিচালনার নির্দেশ দেন। বৈঠকে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান, নির্বাহী কমিটির (ইসি) চেয়ারম্যান সেলিম রহমানসহ আটজন পরিচালক উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গভর্নর, ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে অংশ নেন।
বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, গত ১৫ জুলাই আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়। এতে আগের পাঁচজন স্বতন্ত্র পরিচালকের পাশাপাশি পুরোনো শেয়ারধারী উদ্যোক্তাদের মধ্য থেকে ১৪ জনকে নতুন পর্ষদে যুক্ত করা হয়। পরে নতুন পরিচালকদের মধ্য থেকে চেয়ারম্যান, নির্বাহী কমিটির চেয়ারম্যানসহ বিভিন্ন কমিটির প্রধান নির্বাচন করা হয়।
বর্তমানে শেয়ারধারী পরিচালক ও বাংলাদেশ ব্যাংক মনোনীত স্বতন্ত্র পরিচালকদের সমন্বয়ে ব্যাংকটির পরিচালনা কার্যক্রম চলছে। পাশাপাশি ব্যাংকটিতে বাংলাদেশ ব্যাংকের একজন পর্যবেক্ষকও দায়িত্ব পালন করছেন। নতুন পর্ষদের সদস্যদের সঙ্গে এই পরিস্থিতিতেই বৃহস্পতিবার বৈঠক করে কেন্দ্রীয় ব্যাংক।
বৈঠক শেষে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বদিউর রহমান বলেন, নিয়ম মেনে ব্যাংক পরিচালনা এবং ঋণ আদায়ে আরও সক্রিয় হওয়ার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের সুশাসন নিশ্চিত করার বিষয়টি তিনি দেখছেন। অন্যদিকে, নির্বাহী কমিটির চেয়ারম্যান ঋণ আদায় ও নতুন বিনিয়োগের বিষয়গুলো দেখভাল করছেন।
তিনি আরও বলেন, ব্যাংকের প্রতিটি কমিটিতে বাংলাদেশ ব্যাংকের পর্যবেক্ষক থাকায় সুশাসন নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
এর আগে আওয়ামী লীগ সরকারের সময় আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এস আলম গ্রুপ ও কেডিএস গ্রুপের প্রভাবাধীন ছিল। সে সময় ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের ভাই আবদুস সালাম।
২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংক ব্যাংকটির আগের পরিচালনা পর্ষদ বাতিল করে পাঁচ সদস্যের স্বতন্ত্র পরিচালনা পর্ষদ গঠন করে। এত দিন ওই স্বতন্ত্র পরিচালকেরাই ব্যাংকটি পরিচালনা করে আসছিলেন। পরবর্তীতে পুনর্গঠিত পর্ষদের মাধ্যমে শেয়ারধারী পরিচালকদেরও ব্যাংক পরিচালনায় ফিরিয়ে আনা হয়েছে।