ঢাকা, ২৩ জুলাই ২০২৬ : চীনের বাজারে বাংলাদেশি পণ্যের আমদানি বাড়ানোর আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। একই সঙ্গে বাংলাদেশের প্রযুক্তি ও শিল্প খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানোর ওপরও গুরুত্বারোপ করেছেন তিনি।
বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে এসব কথা বলেন গভর্নর। বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।
বৈঠকে গভর্নর বলেন, বাংলাদেশ ও চীনের মধ্যে বাণিজ্য ভারসাম্য উন্নত করতে চীনের বাজারে বাংলাদেশি পণ্যের প্রবেশ বাড়ানো প্রয়োজন। এ সময় দেশে ‘বাংলা কিউআর’ ব্যবস্থা বাস্তবায়নে চীনের ‘সিঙ্গেল কিউআর’ ব্যবস্থার অভিজ্ঞতা ও কারিগরি সহায়তা নেওয়ার আগ্রহ প্রকাশ করেন তিনি।
চীনের রাষ্ট্রদূত বাংলাদেশে বিদেশি বিনিয়োগের প্রক্রিয়া আরও সহজ করার ওপর গুরুত্বারোপ করেন। জবাবে গভর্নর জানান, বিদেশি বিনিয়োগ আকর্ষণে বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে বেশ কিছু বিনিয়োগবান্ধব নীতিগত পদক্ষেপ নিয়েছে। এর ফলে বিদেশি বিনিয়োগকারীদের বিনিয়োগ ও অর্জিত মুনাফা নিজ দেশে প্রত্যাবাসনের প্রক্রিয়া আরও সহজ হবে।
তিনি আরও বলেন, বাংলাদেশে বিনিয়োগের পরিবেশ ক্রমেই উন্নত হচ্ছে। এই সুযোগ কাজে লাগিয়ে প্রযুক্তিনির্ভর শিল্পসহ বিভিন্ন খাতে চীনা বিনিয়োগ আরও বাড়ানো সম্ভব।
বৈঠকে চীনের রাষ্ট্রদূতের সঙ্গে কাউন্সেলর সং ইয়াং ও অ্যাটাশে ওয়েন জিনহুয়া উপস্থিত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের পক্ষে ডেপুটি গভর্নর ড. হাবিবুর রহমান ও ডেপুটি গভর্নর মো. সরোয়ার হোসেন বৈঠকে অংশ নেন।