ঢাকা ২৮জুলাই,চ্যানেল এস৫ অনলাইন : বাংলাদেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণে যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে দীর্ঘমেয়াদে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির নীতিগত অনুমোদন দিয়েছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
অনুমোদিত প্রস্তাব অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত মোট ১৩ বছরে ৭৮ কার্গো এলএনজি আমদানি করা হবে। প্রতি বছর ৬টি করে কার্গো সরবরাহ করবে গানভর ইউএসএ এলএলসি। বর্তমান বাজারদরে এই আমদানির সম্ভাব্য মূল্য প্রায় ৭১ হাজার ৪৯৫ কোটি টাকা। পুরো কার্যক্রম বাস্তবায়ন করবে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অধীন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পেট্রোবাংলা।
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, বর্তমানে যুক্তরাষ্ট্র, কাতার, ওমান ও সৌদি আরবের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে পেট্রোবাংলার একাধিক স্বল্প ও দীর্ঘমেয়াদি এলএনজি সরবরাহ চুক্তি রয়েছে। ভবিষ্যতে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ নিশ্চিত করতে নতুন উৎস থেকে এলএনজি সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।
তবে এই প্রস্তাবকে ঘিরে একটি আইনি প্রশ্নও সামনে এসেছে। সরকার জানিয়েছে, এলএনজি আমদানি হবে সরকার-টু-সরকার (জিটুজি) কাঠামোয়। কিন্তু গানভর ইউএসএ এলএলসি একটি বেসরকারি প্রতিষ্ঠান। ফলে বেসরকারি কোম্পানির সঙ্গে জিটুজি ভিত্তিক চুক্তির আইনগত বৈধতা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন তৈরি হয়েছে।